মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মহিউদ্দিন রনি

ডেস্ক রিপোর্ট।।

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার পর থমকে গেছে তার সরাসরি নির্বাচনী প্রচারণা। সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় তার হয়ে মাঠে নেমেছেন সামাজিক আন্দোলনের কর্মী মহিউদ্দিন রনি।

দীর্ঘ দেড় মাস ধরে ওসমান হাদি নিয়মিত ভোরে ফজরের নামাজ শেষে বিভিন্ন মসজিদের সামনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে হামলার ঘটনার পর থেকে তার সেই ধারাবাহিক প্রচারণা বন্ধ হয়ে যায়।

রোববার থেকে হাদির পক্ষে নির্বাচনী কার্যক্রম চালানোর ঘোষণা দেন মহিউদ্দিন রনি। সোমবার ভোরে ফজরের নামাজের পর তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ওসমান হাদির জন্য সমর্থন চাওয়ার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান।

প্রচারণা কার্যক্রমের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে রনি লেখেন, ফজরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে রমনা এলাকা পর্যন্ত গিয়ে তিনি হাদি ভাইয়ের জন্য ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে রনি বলেন, অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানিয়েছেন যে তারা নামাজে ওসমান হাদির জন্য দোয়া করছেন। একই কথা বারবার শুনে তার মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

তিনি আরও বলেন, এত মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন বলেই তিনি বিশ্বাস করেন। তার মতে, জনগণের এই ভালোবাসাই প্রমাণ করে—ওসমান হাদি আবারও রাজনীতির মাঠে ফিরে আসবেন।

এদিকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে পাঠানো হবে, যেখানে তার চিকিৎসা চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন