বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুনামগঞ্জের ১৩৭ হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ নির্মাণ শুরু

ডেস্ক রিপোর্ট।।

সুনামগঞ্জে ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষার লক্ষ্যে ১০৩ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এই বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, কাবিটা প্রকল্পের আওতায় মোট ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। এটি বাস্তবায়ন করা হবে ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, “হাওরের ধান রক্ষায় বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। আশা করা হচ্ছে, পানি কমার সঙ্গে সঙ্গে পুরো এলাকার বাঁধের কাজ দ্রুত শুরু করা যাবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “হাওর এলাকায় অনেক জায়গায় পানি কমার কারণে সব জায়গায় একযোগে বাঁধের কাজ শুরু করা সম্ভব নয়। তবে যেখানে পানি আগে নেমে যাবে, সেখানে কাজ শুরু করে দ্রুত সম্পন্ন করা হবে। পিআইসির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ দ্রুত শেষ করতে।”

এই বাঁধ নির্মাণ প্রকল্প হাওরের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন