উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ওসমান হাদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশের পর দেড়টার দিকে তাকে অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।
এরও আগে বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আগত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়।
ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। চার ঘণ্টার উড্ডয়ন শেষে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে বলে জানা গেছে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।
ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা যৌথভাবে ওসমান হাদির শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই দীর্ঘ ভ্রমণের বিষয়ে সম্মতি দিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হলে প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন। বৈঠক শেষে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত দুই দিনে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের মতামত ও পরিবারের সম্মতির পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
সরকার জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

