বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্যবিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। একই সঙ্গে দ্বিতীয় মেয়াদে বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান দোলন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে বাজুস কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পরপরই নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সায়েম সোবহান আনভীরকে বাজুসের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে সংগঠনের সব সাবেক সভাপতিকে উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বাজুসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস-প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ এবং অভি রায় বক্তব্য রাখেন। তারা নতুন পরিচালনা পর্ষদের সফলতা কামনা করেন এবং জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

