বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় মিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ইইউর এক্সটার্নাল একশন সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পর্যবেক্ষণ মিশন পাঠানো হচ্ছে। মিশনের প্রধান পর্যবেক্ষক (চিফ অবজারভার) হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইযাবসকে মনোনীত করা হয়েছে।
চিফ অবজারভার ইভার্স ইযাবস বলেন, “বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করবে। এটি গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের প্রতিফলন।”
এর আগে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। একই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দীন ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসকে চিঠি দিয়ে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানান।
চিঠিতে সিইসি উল্লেখ করেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততার সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের আস্থা বাড়াবে এবং নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইইউ পর্যবেক্ষণ মিশনের সিদ্ধান্তকে আসন্ন জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

