বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

দেশে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ দুপুর ২টার পর কেন্দ্রটির সব কার্যক্রম স্থগিত রাখা হবে।

নোটিশে আরও বলা হয়েছে, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে পুনরায় স্লট বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের ধৈর্য ধরতে এবং নিয়মিত ওয়েবসাইট ও হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সাময়িকভাবে সীমিত বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে।

ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে আবেদনকারীদের আইভিএসির ওয়েবসাইট ivacbd.com অথবা হটলাইন নম্বর ০৯৬১২ ৩৩৩ ৬৬৬ ও ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন