ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির স্টারলিংক স্যাটেলাইট ও চীনা প্রতিষ্ঠান সিএএস স্পেসের নতুন উৎক্ষেপিত স্যাটেলাইট মাত্র ২০০ মিটারের ব্যবধানে ভয়াবহ সংঘর্ষ থেকে বাঁচেছে। স্পেসএক্স নিশ্চিত করেছে, শেষ মুহূর্তে কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থানরত স্টারলিংক স্যাটেলাইটগুলোর খুব কাছাকাছি চলে আসে সিএএস স্পেসের স্যাটেলাইট। বিশেষজ্ঞদের মতে, সংঘর্ষ ঘটলে মহাকাশে দীর্ঘমেয়াদি ও মারাত্মক ক্ষতি হতো।
স্পেসএক্সের স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য ও সমন্বয়ের অভাবে সময়মতো কক্ষপথ পরিবর্তন সম্ভব হয়নি। তিনি বলেন, অনেক স্যাটেলাইট অপারেটর নিজেদের সঠিক অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করে না, যার ফলে মহাকাশে বিপজ্জনকভাবে স্যাটেলাইটগুলো কাছাকাছি চলে আসে।
জানা গেছে, পৃথিবী থেকে প্রায় ৫৬০ কিলোমিটার উচ্চতায় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। নিকলস আরও বলেন, মহাকাশে স্যাটেলাইট পরিচালনায় আন্তর্জাতিক সমন্বয় ও তথ্য বিনিময় অত্যন্ত জরুরি।
চীনা প্রতিষ্ঠান সিএএস স্পেস সরাসরি দায় স্বীকার করেনি। তবে তারা উল্লেখ করেছে, মহাকাশে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য কোম্পানির সঙ্গে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, স্যাটেলাইটের সংঘর্ষ শুধু তাৎক্ষণিক ক্ষতির কারণ নয়, বরং বিপুল পরিমাণ মহাকাশ ধ্বংসাবশেষ তৈরি করে, যা কেসলার সিনড্রোম নামে পরিচিত। এই চেইন রিঅ্যাকশন ভবিষ্যতে পৃথিবীর নিম্ন কক্ষপথকে এতটাই ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে যে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ বা মহাকাশ গবেষণা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে।

