মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

আমরা ফের ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না: মঈন খান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণকে ধোঁকা দিয়ে দেশ চালানো সম্ভব নয়। আমরা আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না এবং অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তার লক্ষ্য মানবিক বাংলাদেশ গড়া।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘মহান মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ড. মঈন খান বলেন, ২০৫০ সালে ঢাকা হবে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এই শহরকে কীভাবে পরিচালনা করা হবে, তা এখন ভাবার বিষয়। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিকভাবে আমরা এখনও শক্তিশালী নই, তবে ইনফরমাল ইকোনমির মাধ্যমে জীবনযাপন করছি। ভবিষ্যতের নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তদের এসব সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে—যেমন মাত্র সাড়ে তিন বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন।

তিনি আওয়ামী লীগকে সমালোচনা করে বলেন, দলটি দেশ সেবার পরিবর্তে স্বার্থপরতা ও অলিগার্কি চালু করেছে। ধনী জনগোষ্ঠীর মাধ্যমে ক্ষমতা ধরে রাখায় দরিদ্র মানুষ আরও দুর্বল হয়েছে। ড. মঈন খান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে গণতন্ত্রের প্রতিষ্ঠা এখনো অসম্পূর্ণ। মানুষের অর্থনৈতিক অধিকার ও স্বাধীনতার জন্য করা সংগ্রাম আজও চলমান।

ড. মঈন খান আরও বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করা আগামী নেতৃত্বের প্রধান দায়িত্ব। তিনি বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সবসময়ই মানুষকে শক্তিশালী করেছে।

সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা নেই। তারা মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন, যার মাধ্যমে তার দেড় যুগের নির্বাসন শেষ হবে।

সভা পরিচালনা করেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সভায় বক্তব্য দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র সহ-সভাপতি ডা. আবুল কেনান, ভারপ্রাপ্ত মহাসচিব ডা. খালেকুজ্জামান দীপু ও কেন্দ্রীয় নেতা ডা. সিরাজুল ইসলাম।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন