বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুন্দরগঞ্জে মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষের জেরে হোমিও চিকিৎসকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আহমাদউদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহমাদউদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সেবামূলক মনোভাব নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলেন এবং স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যক্তি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে গ্রামসংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণ চলাকালে খাবারের পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। ওই সময় আহমাদউদ্দিনের সঙ্গে মোহাম্মদ রেনু মিয়া নামের এক যুবকের বাগ্‌বিতণ্ডা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আবারও দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে রেনু মিয়া আহমাদউদ্দিনকে ধাক্কা ও লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, আগের রাতের বিরোধের জেরে পরিকল্পিতভাবে সকালে আহমাদউদ্দিনের ওপর হামলা চালানো হয়েছে। তারা অভিযুক্ত রেনু মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ রেনু মিয়া পলাতক রয়েছেন। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামে।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাহিদুল ইসলাম জানান, খিচুড়ি বিতরণের সময় খাবারের পরিমাণ নিয়ে ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতির অবনতি ঘটে। এর পরদিন সকালে ধাক্কা ও লাথির ঘটনায় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন