লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার ও তার অনুসারী ২০ নেতা–কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক অসন্তোষের কারণে তারা বিএনপির কর্মসূচি ও আদর্শে আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে নতুন দলে অন্তর্ভুক্ত হন।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করেন। এ সময় নবাগতদের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
নবাগত নেতা আব্দুর রব মেম্বার জানান, “আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবেই জোরপূর্বক দলে আনা হয়নি। আমার সঙ্গে আরও ২০ নেতা–কর্মী একসাথে বিএনপিতে যোগ দিয়েছেন।”
বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ বলেন, “নবাগতরা আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সহায়ক হবে।”

