ফেনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম শেষে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে দুর্বৃত্তরা ভবনের নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভেতরে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তা প্রহরীর চিৎকারে ওপর থেকে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিচে নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সিঁড়িঘরে রাখা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

