বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কুয়াকাটার আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

ডেস্ক রিপোর্ট।।

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর থেকে আরিফ হোসেন ও ফাহিমা আক্তার নামের এক যুগল স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে অবস্থান করছিলেন। প্রথমে কয়েকদিনের জন্য রুম ভাড়া নেওয়া হলেও পরে তারা মাসিক চুক্তিতে সেখানে থাকতে শুরু করেন।

বুধবার সন্ধ্যার পর থেকে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে এবং ভেতরে অবস্থানকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে ভেতরে একজনের মরদেহ ঝুলতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

হোটেলের রেজিস্ট্রার খাতায় দেখা গেছে, আরিফ হোসেন নিজের ঠিকানা হিসেবে পটুয়াখালী জেলার পটুয়াখালী থানার পুকুরজানা এলাকার ধনখালীর শহিদুল ইসলামের ছেলে বলে উল্লেখ করেছেন। তবে নিহত ফাহিমা আক্তারের কোনো স্থায়ী ঠিকানা সেখানে উল্লেখ নেই।

হোটেল মালিক শহীদ হোসেন বলেন, ‘২ ডিসেম্বর থেকে তারা এখানে অবস্থান করছিলেন। এতদিন কোনো সমস্যার বিষয় চোখে পড়েনি। বিকেল থেকে রুম বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে দেখে মরদেহ ঝুলতে দেখি, তখনই পুলিশে খবর দিই।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে, যা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন