সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে ৯ জন জেলে আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জেলেদের মধ্যে রয়েছেন শাহপরীর দ্বীপ ডাঙরপাড়ার মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)।
স্থানীয় জেলে আহমেদ উল্লাহ জানিয়েছেন, জেলেরা ইঞ্জিনচালিত দুটি নৌকায় মাছ ধরতে যায়। সাগরে অবস্থানকালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধাওয়া দেয় এবং ৯ জনকে আটক করে নিয়ে যায়। তিনি আরও বলেন, “সাগরে কখন কোন নৌকা বাংলাদেশ বা মিয়ানমারের জলসীমায় আছে তা অনেক সময় জেলেরা সঠিকভাবে শনাক্ত করতে পারেন না, ফলে এমন ঘটনা ঘটে।”
ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, ঘটনার পর থেকে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, “ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।”

