বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ সময় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান। তারা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
আব্দুস সাত্তার বলেন, সফরকালে তারেক রহমানের সঙ্গে তার কন্যাও থাকবেন।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর একই মাসে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে যান এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জানান। সর্বশেষ ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে বিএনপির এক আলোচনা সভায় তারেক রহমান নিজেও দেশে ফেরার তারিখ নিশ্চিত করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তাকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

