রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নামাজে কানটুপি পরে সিজদা দেয়া যাবে কি?

ডেস্ক রিপোর্ট।।

শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই কানটুপি বা মুখঢাকা শীতবস্ত্র ব্যবহার করেন। তবে নামাজ আদায়ের ক্ষেত্রে কপাল বা মুখ আবৃত রেখে সিজদা করা ইসলামে অপছন্দনীয় (মাকরুহ) বলে জানিয়েছেন আলেমরা।

ফিকহশাস্ত্র অনুযায়ী, নামাজে সিজদার সময় কপাল সরাসরি মাটিতে রাখা উত্তম। টুপি, পাগড়ি বা কানটুপি দিয়ে কপাল ঢেকে রেখে সিজদা করলে নামাজ আদায় হলেও তা অনুত্তম কাজ হিসেবে গণ্য হয়। তাবেঈ আলেম নাফে (রহ.) বর্ণনা করেছেন, সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) পাগড়ির ওপর সিজদা করাকে অপছন্দ করতেন।

আলেমরা আরও বলেন, কিছু কানটুপিতে নাক ও মুখ ঢাকার ব্যবস্থা থাকে। স্বাভাবিক অবস্থায় নারী-পুরুষ উভয়ের জন্যই নামাজের সময় চেহারা খোলা রাখা উচিত। মুখ ঢেকে নামাজ আদায় করাও মাকরুহ। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন।

তাই নামাজে দাঁড়ানোর আগে কপাল ও মুখ ঢেকে রাখা কানটুপি খুলে রাখা উত্তম। তবে কেউ যদি কপাল আবৃত রেখেই সিজদা করে বা মুখ ঢেকে নামাজ আদায় করে, তাহলে নামাজ শুদ্ধ হবে; পুনরায় পড়ার প্রয়োজন নেই।

আলেমরা জানান, বিশেষ কোনো ওজর বা প্রয়োজন থাকলে—যেমন সর্দি-কাশি থাকলে কিংবা অন্য মুসল্লির অসুবিধার আশঙ্কা থাকলে—নাক-মুখ ঢেকে নামাজ আদায় করা বৈধ এবং এতে মাকরুহ হবে না। তবে শুধু শীতের কারণে মুখ ঢেকে নামাজ পড়া অনুচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন