ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস, ফুল, চিরকুট ও কলম দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সমিতির সভাপতি রাউফুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন এবং আইন বিভাগের অধ্যাপক ড. আরমিনা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহমেদ, ইবি শিবিরের সেক্রেটারি ইউসুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ শতাধিক নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ আল ইকবাল ও সামিহা তাহমিদা।
অধ্যাপক ড. আরমিনা খাতুন বলেন, “আজকের আয়োজনে আমার জেলার শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দিকনির্দেশনার মনোভাব দেখেছি, তা সত্যিই অনবদ্য। নবীনরা যেন সঠিক পথে চলার গাইডলাইন পায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা যেখানে ভালো-মন্দ উভয় পথই খোলা থাকে, কিন্তু কোন পথে চলবে, সেই সিদ্ধান্ত নিতে হবে নিজের বিবেক ও শিক্ষার আলোয়। আর এই জায়গায় জেলা সমিতিগুলো নবীনদের প্রথম আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিজেকে আত্মস্থ করো, চিন্তা করো এবং সেই অনুপাতে এগিয়ে চলো। বিদায়ীরা পাঁচ বছর ধরে যে পরিশ্রম করেছে, এখন তাদের সামনে শুরু হচ্ছে নতুন এক সংগ্রামের সময়। নিজেদের ক্যারিয়ার গঠনে মনোযোগী হও, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নাও, এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখো। ইসলামী বিশ্ববিদ্যালয় তোমাদের সফলতা প্রত্যাশা করছে।”

