ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণ তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
শুক্রবার বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিবেদিত এই অকুতোভয় যোদ্ধাকে সম্মান জানাতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও জানানো হয়, বিমানবন্দর থেকে মরদেহ বহনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের সাক্ষাতের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

