কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগকে ঘিরে মেদেলিনে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় দুই প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো ন্যাসিওনাল ও ডিপোর্তিভো ইন্ডিপেন্ডিয়েন্টে মেদেলিনের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৫৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য রয়েছেন।
বুধবার এস্তাদিও জিরার্দোতে অনুষ্ঠিত ম্যাচে অ্যাটলেটিকো ন্যাসিওনাল ১–০ গোলে জয় পায়। ম্যাচ শেষ হওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে উভয় দলের সমর্থকদের একটি অংশ মাঠে নেমে আসে এবং সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে প্রবেশ করা কিছু সমর্থকের হাতে আতশবাজি ও আগুনের শিখা দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। আতশবাজির ধোঁয়ায় ম্যাচ শুরুও হয়েছিল নির্ধারিত সময়ের ১৪ মিনিট পরে।
স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানিয়েছে, সংঘর্ষে স্টেডিয়ামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসন ও টার্নস্টাইল ভাঙচুরের পাশাপাশি মাঠের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেদেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস। তিনি বলেন, “এটি কিছু বেপরোয়া ব্যক্তির কাজ, যারা কেবল সহিংসতা ছড়াতে চায়।” তিনি সতর্ক করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও বলেন, “যারা আক্রমণ, ধ্বংসযজ্ঞ কিংবা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে স্টেডিয়ামে এসেছিল, তাদের আইনের আওতায় আনা হবে। কয়েকজনের কারণে আমরা সবার সম্পদ নষ্ট হতে দিতে পারি না।”
উল্লেখ্য, কলম্বিয়ায় বড় ম্যাচগুলোতে সাধারণত নিরাপত্তার কারণে সফরকারী দলের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। তবে ফুটবলে শান্তির বার্তা দিতে এই ডার্বি ম্যাচে উভয় দলের সমর্থকদের মাঠে ঢোকার অনুমতি দিয়েছিল মেদেলিন কর্তৃপক্ষ। দুর্ভাগ্যজনকভাবে সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়।
