বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির মরদেহ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। তার জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়।

মরদেহ বহনের সময় হাদির পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেন। দুপুর ১টার আগেই সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পোস্টমর্টেম শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় ওসমান হাদির ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আইসিইউতে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন