ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন।
ড. আবু বকর ছিদ্দিক বলেন, “সাত-আট দিন হয়ে গেল, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায়, তারা কেমন করে ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে চলে গেল—এই প্রশ্ন জাতির কাছে রেখে দিলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদির তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন।”
তিনি আরও বলেন, “আমি কখনো ঋণ ছাড়বো না, আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার মাটিতে দেখা যায়। এখনও পর্যন্ত আমরা কিছু করতে পারিনি। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ছোট ভাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন।”
ড. আবু বকর ছিদ্দিক ভাইয়ের মৃত্যুর শোক জানিয়ে বলেন, “তার সন্তানের দিকে তাকানো যায় না। আমাদের মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারাচ্ছেন। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট আমার ভাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদের দেশকে রক্ষা করতে সাহায্য করুন।”
এরপর ড. আবু বকর ছিদ্দিকের ইমামতিতে শরীফ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়।

