সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহগুলো তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, নিহত শান্তিরক্ষীদের মরদেহ শনিবার দেশে আনা হয়েছে। বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম নিহত শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইয়ে মোতায়েনকৃত জাতিসংঘ মিশন ইউনিসফা’র ফোর্স কমান্ডারের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মরদেহ গ্রহণের সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে সামরিক রীতিতে শহীদ শান্তিরক্ষীদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। ওই হামলায় আরও নয়জন শান্তিরক্ষী আহত হন। তাদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর।

