বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাদি হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ উল্লেখ করে নিন্দা জানাল হিউম্যান রাইটস ওয়াচ

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে অত্যন্ত ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ এসব ঘটনার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, “শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি ভয়াবহ সহিংস ঘটনা। আগস্টের পর থেকে যে সহিংসতা ছড়িয়ে পড়ছে, তা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে এখনই একটি নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরি করা জরুরি।

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু রাজনৈতিক গোষ্ঠীর সহিংসতায় উসকানি এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।

বিবৃতিতে সংস্থাটি বাংলাদেশের সরকারের প্রতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন