নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে ঘটে যাওয়া একটি নিরাপত্তাসংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে রোববার থেকে ভিসা সেন্টারের সব কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভিসা সেন্টার পুনরায় চালু করা হবে বলে জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে সেন্টার খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

