বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের একযোগে পদত্যাগ ১৩ নেতাকর্মীর

ডেস্ক রিপোর্ট।।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই দুই উপজেলায় দলটির অন্তত ১৩ জন নেতাকর্মী নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। হঠাৎ এই গণ-পদত্যাগ নিয়ে জেলা জুড়ে চলছে নানা আলোচনা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর পর্যায়ের তিন নেতা আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন— টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম শরীফ, পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফুল হোসেন।

এর আগের দিন শুক্রবার একই উপজেলায় আরও তিনজন নেতার পদত্যাগের ঘটনা ঘটে। ফলে টুঙ্গিপাড়ায় গত ৪৮ ঘণ্টায় মোট ছয়জন নেতাকর্মী তাদের দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

এদিকে টুঙ্গিপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে ঘটে আরও বড় ধরনের পদত্যাগের ঘটনা। দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ জন আওয়ামী লীগ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচীর নেতৃত্বে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের মধ্যে ছিলেন— ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বাগচীসহ আরও কয়েকজন সদস্য।

পদত্যাগকারী নেতারা জানান, তারা কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রতি সম্মান রেখেই তারা সাংগঠনিক জটিলতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে দাবি করেন।

তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও অভ্যন্তরীণ অসন্তোষের প্রভাবেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগে এই গণ-পদত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন