ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও নির্ধারিত রয়েছে।
শিক্ষার্থীরা জানান, এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ অনেক আগেই নির্ধারিত ছিল। অন্যদিকে ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ও সার্বিক পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা হয়। পরে এক সপ্তাহ পিছিয়ে তা ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাবির ভর্তি কমিটির সভায় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার নতুন তারিখ চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আগামী ২৭ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হতে পারে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অন্যদিকে এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ইউনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আর্কিটেকচার ইউনিটের ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে।
দুটি বিশ্ববিদ্যালয়েই আবেদন করা শিক্ষার্থীরা বলছেন, একই দিনে দুই প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা হওয়ায় তাদের বাধ্য হয়ে একটি পরীক্ষা বেছে নিতে হবে, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের বঞ্চনা।
নটর ডেম কলেজ থেকে এবছর এইচএসসি পাস করা এবং দুই বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী রাকিব হাসান বলেন, ঢাবির বিজ্ঞান ইউনিট ও এমআইএসটি—দুটিই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই দিনে পরীক্ষা পড়লে অসংখ্য শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি দ্রুত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ২৭ ডিসেম্বর তারিখটি আলোচনা করেই নির্ধারণ করা হয়েছে। তবে একই দিনে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকলে কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। আমরা চাই না শিক্ষার্থীরা সমস্যায় পড়ুক। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখবো।

