মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্রের পথে ছিলেন। তার ত্যাগ ও ৭১-এর শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশের মানুষের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই – দেশের জন্য কাজ করা, দেশের উন্নয়ন নিশ্চিত করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছিল। আমাদের দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো খুব ভালো দিন নয়, দেশের বিভিন্ন স্থানে অরাজকতা হচ্ছে, কেউ কেউ চেষ্টা করছে- এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের প্রায় বিশ কোটি মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, এই নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাদের শিক্ষিত করাসহ অর্থনৈতিক মজবুত ভিত্তির উপর যাতে দাঁড়াতে পারে সেদিকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ধ্বংসের অবস্থা থেকে দেশকে গড়ে তুলেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন