বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অনলাইনে মেট্রোরেল কার্ড রিচার্জ চালু, স্টেশনে লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ

ডেস্ক রিপোর্ট।।

ঢাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে স্বস্তি এনে দেওয়া মেট্রোরেল ব্যবস্থায় যুক্ত হলো নতুন সুবিধা। এখন থেকে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানো ছাড়াই অনলাইনে রিচার্জ করা যাবে র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড। গত ২৫ নভেম্বর থেকে এ সেবা কার্যকর হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন রিচার্জের ফলে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে। ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজেই কার্ডে টাকা যোগ করা যাবে।

অনলাইনে রিচার্জ করতে প্রথমে Rapid Pass-এর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন বা লগইন করতে হবে। এরপর কার্ড নির্বাচন করে রিচার্জের পরিমাণ উল্লেখ করে পছন্দের পেমেন্ট মাধ্যম ব্যবহার করে লেনদেন সম্পন্ন করা যাবে। রিচার্জ সফল হলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে।

অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। বিকাশ ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও রয়েছে।

অনলাইনে করা রিচার্জ তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য হবে না। স্টেশনে কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার পর রিচার্জ কার্যকর হবে। একবারে একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে এবং ব্ল্যাকলিস্টেড বা অবৈধ কার্ডে রিচার্জের সুযোগ নেই। প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড চাওয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

এই অনলাইন রিচার্জ সুবিধার মাধ্যমে মেট্রোরেল ব্যবহার আরও সহজ ও আধুনিক হলো বলে মনে করছেন যাত্রীরা। এতে প্রতিদিনের যাতায়াতে সময় সাশ্রয়ের পাশাপাশি স্টেশনের ভিড়ও কমবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন