মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বিএনপির সঙ্গে জোট নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো ধরনের ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটি নির্বাচনে এককভাবে দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন।

তিনি জানান, দলের শীর্ষ নেতাদের মতামত ও সাংগঠনিক বাস্তবতা বিবেচনা করেই বিএনপির সঙ্গে জোট না করার সিদ্ধান্ত এসেছে। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টেও তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ স্বাধীনভাবে অংশ নেবে এবং বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা এখানেই শেষ।

এদিকে, দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, দলটি বিএনপির সঙ্গে দুই আসন বা সীমিত আসন সমঝোতায়ও যাবে না। বরং ৩০০ আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

গণঅধিকার পরিষদ জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচনী কৌশল ও রাজনৈতিক অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে।

উল্লেখ্য, বিগত সরকারের সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে ভোটের জোট গঠনের সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছিল, তা থেকে সরে এসেছে গণঅধিকার পরিষদ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন