বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে সেবা বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে নতুন করে ঘোষণা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি উগ্রপন্থি সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক বিক্ষোভ করে। এ সময় তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানায় বলে অভিযোগ ওঠে।

এছাড়া রোববার পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে অবস্থিত বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই হাইকমিশন কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে কনসুলার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাইকমিশন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাসময়ে সেবা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন