ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও খবরের শিরোনামে। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও খোলামেলা মন্তব্যের কারণে যিনি প্রায়ই আলোচনায় থাকেন, এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নতুন করে বিতর্ক ও সমর্থন—দুটোরই মুখোমুখি হয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে মিষ্টি জান্নাত লেখেন, ‘এই সমাজে ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই। তাই আগের ফর্মে ফিরে এলাম।’ তার এই মন্তব্য ঘিরে ভক্ত ও অনুসারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই পোস্টের মন্তব্যঘরে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সমর্থন জানিয়েছেন।
হঠাৎ এমন মন্তব্যের পেছনের কারণ স্পষ্ট না হলেও নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে নানা অভিজ্ঞতার ফলেই এমন প্রতিক্রিয়া এসেছে তার কাছ থেকে।
এর আগে এক বার্তায় নিজের পেশাগত অবস্থান নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোট কিংবা গুরুত্বহীন চরিত্রে কাজ করে আত্মসম্মান নষ্ট করার চেয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়া বেশি সম্মানের। কাজ কম হলেও আত্মমর্যাদা বজায় রাখাকেই তিনি প্রাধান্য দেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে তার স্পষ্টভাষী মন্তব্য প্রায়ই বিনোদন অঙ্গনে আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। এবারও ‘ভদ্রতার মূল্য নেই’—এই বক্তব্যে ঠিক কাদের উদ্দেশে বার্তা দিলেন, তা নিয়েই চলছে নানা জল্পনা।

