বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

ডেস্ক রিপোর্ট।।

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগের সিদ্ধান্ত সম্পন্ন হয়।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ করায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

এরপর ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন