ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। নিহত যুবক দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ চলাকালে শুভেন্দু অধিকারী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কড়া বক্তব্য দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভারত থেকে এক কেজি পেঁয়াজও ওপারে (বাংলাদেশে) যেতে দেবেন না।। এ সময় তিনি ‘বদলা চাই’ বলেও মন্তব্য করেন।
পুলিশি ব্যারিকেডের কারণে বিক্ষোভকারীরা কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের মূল ভবনের প্রায় ২০০ মিটার আগেই আটকে যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভ হয়। এর জেরে গত ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়, যেখানে হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছে ঢাকা।
রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, হাইকমিশনারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। প্রয়োজনে কূটনৈতিক কার্যক্রম সীমিত করার কথাও উল্লেখ করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে কলকাতা ও আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং শিলিগুড়ির একটি ভিসা সেন্টারে ভাঙচুর ও তালা দেওয়ার ঘটনাও ঘটে।
এবিপি আনন্দ জানিয়েছে, শুভেন্দু অধিকারী আগামী ২৬ ডিসেম্বর আবারও কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দেশের কূটনৈতিক মিশন ঘিরে এই উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির বিপরীতে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারী।

