যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার জন্য আর্থিক প্রণোদনা তিনগুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন পরিকল্পনার আওতায়, যারা নিজ উদ্যোগে দেশে ফিরে যাবেন, তাদের ৩,০০০ ডলার করে দেওয়া হবে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, প্রণোদনার সঙ্গে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বিনামূল্যে বিমানযাত্রারও ব্যবস্থা থাকবে। ডিএইচএসের তথ্যমতে, একজন অভিবাসীকে গ্রেফতার, আটক ও বহিষ্কার করতে গড়ে প্রায় ১৭ হাজার ডলার খরচ হয়।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম বলেন, “যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করবেন, তারা নিজেই নিরাপদে দেশে ফিরবেন। যারা তা করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের সুযোগ মিলবে না।”
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২৬ সালে আরও কঠোর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এতে নতুন বরাদ্দ, হাজার হাজার অভিবাসন কর্মকর্তা নিয়োগ এবং নতুন আটক কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।
২০২৩ সালের মার্চে ট্রাম্প প্রশাসন ‘সেলফ-ডিপোর্টেশন’ প্রক্রিয়াকে সহজ করতে নতুন একটি অ্যাপ ‘সিবিপি হোম’ চালু করে। এটি অভিবাসীদের নিজ উদ্যোগে দেশে ফিরতে সহায়তা করবে।
