বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট।।

নওগাঁ জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং দুষ্কৃতিকারীদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্থায়ী চেকপোস্ট স্থাপনসহ জোরদার তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় ১৪ বিজিবি পত্নীতলা ও ১৬ বিজিবি নওগাঁ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ জেলার সীমান্তবর্তী ধামইরহাট, সাপাহার ও পোরশা উপজেলায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১৪ ও ১৬ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য অপরাধ রোধে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের (১৪ ও ১৬ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল কার্যক্রম চালু করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ যাতায়াত পয়েন্টগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ব্যাটালিয়ন সদর থেকে মোবাইল টহলের মাধ্যমে সীমান্ত এলাকায় কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এবং পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন