ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে। একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) একটি ভর্তি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে, ভর্তিচ্ছুদের কথা বিবেচনায় নিয়ে এমআইএসটি তাদের একটি পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমআইএসটি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে ঢাবি কর্তৃপক্ষ আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
এই সময়সূচির সঙ্গে এমআইএসটির স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষার সময়সূচি সাংঘর্ষিক হওয়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে এমআইএসটি ওই পরীক্ষাটি একদিন পিছিয়ে দিয়েছে। ফলে এমআইএসটির স্থাপত্য বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তবে এমআইএসটি জানিয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথারীতি অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে ২৭ ডিসেম্বর সকালে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। একই দিন বিকেলে আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সেটি একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর গ্রহণ করা হবে।
এই সিদ্ধান্তে দুই প্রতিষ্ঠানে আবেদন করা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।

