আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ার এই আসরে দুই বিভাগেই অংশ নেবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ও পুরুষ দলের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।
নারী ফুটসাল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবিনা খাতুন। দীর্ঘদিন জাতীয় নারী ফুটবল দলের নেতৃত্ব দেওয়া সাবিনা কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের পর মূল দলে ফেরার সুযোগ পাননি। পরে জাতীয় দলে ডাক না পেয়ে সাবিনাসহ কয়েকজন অভিজ্ঞ নারী ফুটবলার ফুটসালে মনোযোগ দেন। সেই ধারাবাহিকতায় সাফ ফুটসাল আসরে তিনিই নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। সহ-অধিনায়ক করা হয়েছে সুমাইয়া মাতসুমিসমাকে। সাবিনা ও সুমাইয়া দু’জনেরই আন্তর্জাতিক ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে।
চূড়ান্ত স্কোয়াডে ফিরেছেন একসময় জাতীয় নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। কয়েক বছর ক্যাম্পের বাইরে থাকলেও ফুটসালের মাধ্যমে তারা আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছেন। উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বে সর্বশেষ আন্তর্জাতিক নারী ফুটসাল খেলেছিল বাংলাদেশ, সেবারও অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। প্রায় সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসাল মঞ্চে ফিরছে নারী দল।
অন্যদিকে পুরুষ ফুটসাল দলে বড় কোনো পরিবর্তন আসেনি। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইপর্বে নেতৃত্ব দেওয়া কানাডা প্রবাসী রাহবার খানই থাকছেন অধিনায়ক। সেই স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা পেয়েছেন সাফ টুর্নামেন্টের দলে। নতুন মুখ হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটসাল খেলোয়াড় ইমান আলম।
সাফ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ নারী ও পুরুষ দল কেমন পারফর্ম করে—সে দিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের

