বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ঠিকই আছে এবং রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য সরকার কাজ করছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “সম্পর্ক এখন খুব খারাপ নয়। তবে আমরা চেষ্টা করছি যেন কোনোভাবেই সম্পর্ক অস্বাভাবিক না হয়। বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গে তিক্ততা চায় না।” তিনি আরও উল্লেখ করেন, বাণিজ্য ও রাজনীতি আলাদা বিষয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, “ভারত থেকে চাল আনা প্রতিযোগিতামূলক দামে সহজ। অন্য দেশ থেকে আনতে গেলে দাম আরও বেড়ে যাবে। তাই সুবিধাজনক পরিস্থিতিতে ভারত থেকে চাল আনা ভাল।”

ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়েও উপদেষ্টা জানান, “বৈদেশিক বিষয়ে কখনো কখনো কিছু বাগাড়ম্বর হয়। রাজনীতিবিদরা তা বলে, পরে ঘরে গিয়ে তা অন্যরকম হয়। তবে আমি বিশ্বাস করি, সম্পর্ক খুব খারাপের দিকে যাবে না। আমরা আগেও ভারত থেকে চাল আনি, পেঁয়াজও আমরা দ্রুত রপ্তানি করতে পেরেছি।”

ভারতবিরোধী প্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য নিয়েও ড. সালেহউদ্দিন বলেন, “এগুলো আমাদের জাতীয় মনোভাবের প্রতিফলন নয়। সরকার চেষ্টা করছে এসব প্রভাব সীমিত করতে, কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।”

উল্লেখ্য, তিনি ভারতের হাইকমিশনারের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ককে আঞ্চলিক স্বার্থের আলোকে সামঞ্জস্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ একা থাকতে পারে না; অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন