বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ও তাঁর প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার এখনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁর দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাকি ভারতে থাকবেন—এই সিদ্ধান্ত পুরোপুরি মোদি সরকারের হাতেই রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়ে ভারত সরকার এখনো নীরব। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গে প্রকাশ্যে কথা বলতেন, কিন্তু বর্তমানে তাঁর সেই নীরবতা স্পষ্ট।
তিনি আরও দাবি করেন, ওয়াশিংটনের আপত্তির কারণেই মোদি সরকার এ বিষয়ে মুখ খুলছে না। তাঁর মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার প্রশ্নে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সংকেত বা নির্দেশনার অপেক্ষা করছে।
সিপিআইএম নেতার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

