পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুটি ভারতীয় অবৈধ গরু আটক করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৭৭৯/১-এস এর নিকট থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় গরু দুটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর আওতাধীন সরদারপাড়া বিওপির নায়েব সুবেদার মো. তুহিন আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে আনা গরু দুটি আটক করা সম্ভব হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

