সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত ব্যক্তিত্ব মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি ঢাকা-৮ আসন থেকে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়বেন। বুধবার (২৪ ডিসেম্বর) নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসা ও সিঙ্গাপুরে ভর্তি থাকার পর ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মেঘনা আলম নির্বাচনী প্রচারণায় পরিবেশ বান্ধব কৌশল গ্রহণের পরিকল্পনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রচারণায় বড় পোস্টার বা লিফলেট ব্যবহার করা হবে না, যাতে কাগজের অপচয় রোধ করা যায়। নিজেকে একজন সচেতন পরিবেশকর্মী হিসেবে পরিচয় দিয়ে তিনি ঢাকা-৮ আসনকে নারীবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
তার নির্বাচনী পরিকল্পনায় রয়েছে—
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সিসিটিভি ব্যবস্থা।
নারীদের জন্য ডে-কেয়ার সুবিধা, যাতে তারা নিজের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন।
আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করা।
বস্তিবাসী ও পথচারীদের জন্য স্বল্পমূল্যে আধুনিক পাবলিক ওয়াশরুম, ব্রেস্টফিডিং ও লন্ড্রি সুবিধাসহ।
বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও স্বল্পমূল্যে দাঁতের চিকিৎসা।
নিরাপদ হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের জন্য কার্যকর ট্রাফিক কাঠামো।
রমজানে বিনামূল্যে ইফতার ও পুষ্টি নিশ্চিতকল্পে বিশেষ উদ্যোগ।
আইনি অধিকার বিষয়ে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ, যুবসমাজের নেতৃত্ব বিকাশে রাজনৈতিক শিক্ষা কার্যক্রম।
প্রতি তিন মাস অন্তর সরাসরি জনগণের সঙ্গে ‘টাউন হল মিটিং’ এবং প্রতিটি সেবাকেন্দ্রে কমপ্লেইন্ট বক্স স্থাপন।
মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে বিশ্বাস করেন, সমাজে অপরাধ ও অবক্ষয় রোধে মানুষের পুষ্টি, পরিচ্ছন্নতা ও আইনগত সচেতনতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বাস্তবসম্মত উন্নয়ন ও আন্তর্জাতিক মানের নেতৃত্বের মাধ্যমে ঢাকা-৮ আসনকে রূপান্তর করতে চান।
গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

