বিশ্বব্যাপী বড়দিনের শুভেচ্ছার সঙ্গে শান্তির বার্তা দিতে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এই অনুরোধ প্রত্যাখ্যান করা হলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রোমের ক্যাস্টেল গ্যান্ডলফোতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, “আমি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে শান্তির দিনটিকে সম্মান করার জন্য আমার আহ্বান পুনরায় ব্যক্ত করছি। অন্তত আমাদের ত্রাণকর্তার জন্ম উৎসবে একটি দিন যুদ্ধবিরতিতে কেটে যাক।”
পোপ লিও আরও বলেন, বড়দিনে রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান সাম্প্রতিক সময়ের ‘দুঃখজনক ঘটনা’গুলোর মধ্যে একটি। রাশিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান নাকচ করেছে এবং বলেছে যে এটি কেবল কিয়েভকে সামরিক সুবিধা দেবে।
পোপ লিও বিশ্বব্যাপী চলমান সংঘাতের বিষয়টিও উল্লেখ করে বলেন, তিনি আশা করেন, সমস্ত পক্ষ তাদের কণ্ঠ শুনবে এবং অন্তত বড়দিনে ২৪ ঘণ্টার শান্তি বজায় থাকবে। চলতি মাসের শুরুতে পোপ লিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন।

