মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

লন্ডন থেকে ঢাকার উদ্দেশে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) যাত্রা শুরু করে বিমানটি। বাংলাদেশের আকাশে প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল বিশ্বরোড থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হয়েছে পুরো এলাকা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

বিএনপি সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কয়েক দিন ধরেই ঢাকায় আসতে শুরু করেছেন। গণসংবর্ধনায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের প্রত্যাশা করছে দলটি।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ছাড়েন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বর্তমানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে, তবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে যোগ দেবেন তারেক রহমান। সমাবেশে তিনি এককভাবে বক্তব্য রাখবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে গুলশানের নিজ বাসভবনে যাবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন