মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও আশপাশের পরিবেশ। চারদিকে দেখা যায় উৎসবমুখর আবহ। মঞ্চে পৌঁছেই হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।

প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনা মঞ্চ নির্মাণ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসযোগে তিনি সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে পৌঁছান।

এর আগে সকালে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি করেন এবং সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন। দলীয় সূত্রে জানা যায়, বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না। হঠাৎ করেই বিমানবন্দরের সামনে থাকা ফুলের বাগানে গিয়ে তিনি খালি পায়ে দাঁড়িয়ে মাটি হাতে নেন এবং আবেগঘন মুহূর্তে দেশের মাটির প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন। বাসে তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা। এরপর তারা একসঙ্গে পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন