মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা জাতীয় রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফেরার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি রেজাউল করীম বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল সরাসরি নেতৃত্বের অভাবে সংকটে ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চরমোনাই পীর আরও বলেন, প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার পেছনে সহিংস ও প্রতিহিংসামূলক রাজনীতির একটি নির্মম বাস্তবতা জড়িয়ে আছে। পতিত ফ্যাসিবাদের প্রতিহিংসার শিকার হয়ে তাকে দীর্ঘদিন নির্বাসনে থাকতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বিদায় নেবে এবং সেই লক্ষ্যে তারেক রহমানসহ সব রাজনৈতিক নেতা সম্মিলিতভাবে কাজ করবেন।

মুফতি রেজাউল করীম বলেন, তারেক রহমান নিজ বক্তব্যে দেশের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। সেই পরিকল্পনায় সুষ্ঠু ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং ফ্যাসিবাদের স্থায়ী অবসানের পথনকশা থাকবে বলে তিনি আশা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন