দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। এ সময় মাজার প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে পৌঁছে বাবার কবর জিয়ারত করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে কিছুক্ষণ নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়লে তার চোখে জল দেখা যায়।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তন ও দীর্ঘ নির্বাসনের কারণে আর সেখানে আসা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। পরে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।
শুক্রবার দুপুর থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এরপর তারেক রহমানের সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

