মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

উপদেষ্টারা এসে জবাব না দিলে শাহবাগ না ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে এসে অবস্থান নেন।

কর্মসূচিতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সরাসরি এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা শহীদ ওসমান হাদির রক্তের ন্যায্য বিচার চাই। যতক্ষণ পর্যন্ত সরকার জনগণের সামনে দায় স্বীকার করে স্পষ্ট অবস্থান না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না।” তিনি আরও বলেন, প্রয়োজনে এই দাবিতে জীবন দিতেও তারা প্রস্তুত।

তিনি দাবি করেন, ওসমান হাদির হত্যার বিচার শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনতার মর্যাদার সঙ্গে জড়িত। তার ভাষায়, “এই লড়াই জনগণের সংস্কৃতি ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই। আমরা কোনোভাবেই পিছপা হব না।”

সমাবেশে তিনি আরও বলেন, সাধারণ মানুষ যতদিন আত্মসম্মান নিয়ে বাঁচতে না পারবে এবং নারীরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে না পারবে, ততদিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।

শাহবাগ অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন