মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

তিন শর্তে যেকোনো দল জামায়াতের সঙ্গে সমঝোতা করতে পারে: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট।।

তিনটি শর্ত মানলে যেকোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে বলে জানিয়েছেন দলটির 
আমীর শফিকুর রহমান। তার ভাষ্যে শর্তগুলো হলো-দুর্নীতি করবে না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। 
সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে, কোনো রাজনীতিবিদ বিচারে হস্তক্ষেপ করতে 
পারবেন না। সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্যসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, বর্তমান বাস্তবতায় শিবির আর কেবল একটি সাধারণ ছাত্রসংগঠন নয়। চব্বিশের বিপ্লব-পরবর্তী সময়ে দেশের ছাত্রসমাজ এই সংগঠনকে গ্রহণ করেছে এবং দায়িত্ব দিয়েছে। এখন ছাত্রসমাজের অভিভাবকের ভূমিকা পালন করতে হবে ছাত্রশিবিরকে।

গত পাঁচ দশকে শিক্ষাঙ্গনে সহিংসতার চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, একসময় ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছিল মিনি ক্যান্টনমেন্টে। ছাত্রদের জীবন, ভবিষ্যৎ ও নারীদের নিরাপত্তা ছিল অনিশ্চিত। সেই সময়ের অবসান শুরু হলেও জাতির ওপর কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে এই অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ মিথ্যাচার ও অপপ্রচারের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, শিবিরকে বিভিন্ন সময় স্বাধীনতাবিরোধী ও সহিংস সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এসব অভিযোগের কোনো প্রমাণ দেওয়া হয়নি। বরং ছাত্রসংসদ নির্বাচনে জনগণ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছে।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। সম্মেলনে সারাদেশ থেকে কয়েক হাজার ছাত্রশিবির সদস্য অংশগ্রহণ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন