মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

কবর জিয়ারত শেষে ইসি কার্যালয়ের পথে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটের কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।

ইসি সূত্রে জানা গেছে, তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের জন্য আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যাচ্ছেন। তার আগমনকে ঘিরে আগারগাঁও এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ইসলামিক ফাউন্ডেশন সংলগ্ন সড়ক, কোস্ট গার্ড এলাকা ও ইসির প্রধান সড়কে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের বাইরে অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

দলীয় সূত্র জানায়, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন।

এর আগে সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছান। সেখানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে তিনি উপস্থিত ছাত্র ও যুবনেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতায় অংশ নিতে যাওয়া তারেক রহমানের এই কর্মসূচিকে ঘিরে আগারগাঁওসহ পুরো রুটজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন