বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাজবাড়ীতে তুলা উৎপাদনকারী কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট।।

রাজবাড়ী পৌর শহরের ছোট নূরপুর এলাকায় একটি তুলা উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ২টার দিকে ছোট নূরপুর এলাকার ‘এনকে এন্টারপ্রাইজ’ নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার মালিক মো. এমরান হোসাইন কাজল অভিযোগ করে বলেন, কারখানায় কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল না। তার ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। যদিও কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, কারখানার কয়েকটি অংশ থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। কারখানাটিতে গার্মেন্টসের ঝুট কাপড় রিসাইক্লিং করে তুলা ও টিস্যু তৈরির উপকরণ প্রস্তুত করা হতো। আগুনে তুলা উৎপাদনের তিনটি অটো মেশিন, বিপুল পরিমাণ ঝুট কাপড়, সংরক্ষিত শিমুল তুলা এবং কারখানার অবকাঠামো সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

এই অগ্নিকাণ্ডের ফলে কারখানায় কর্মরত ২০ থেকে ২৫ জন শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে বলে জানা গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন