বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের কার্যালয় থেকে মোর্শেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের পক্ষেও মনোনয়নপত্র কেনা হয়েছে।
বগুড়া-৭ আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে পরিচিত এবং এটি দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি। আসন্ন নির্বাচনে এই আসনে খালেদা জিয়ার পক্ষে ইতোমধ্যে স্থানীয় নেতারা তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যেই উপজেলা বিএনপির সভাপতির পৃথকভাবে মনোনয়নপত্র নেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার মোর্শেদ মিল্টনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
দলীয় সূত্র জানায়, আইনি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মূল প্রার্থীর মনোনয়ন বাতিল হলে দলের বিকল্প প্রস্তুতি হিসেবে এ ধরনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়ে থাকতে পারে।
এদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানীও মনোনয়নপত্র সংগ্রহ করায় ভোটারদের মধ্যে কৌতূহল বেড়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপি ও জামায়াতের এই অবস্থান বগুড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

